সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে নরেশ সরকার (৩৫) ও আনোয়ার হোসেন (৩৬) নামের দুই জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ধর্ষক নরেশ সরকার উপজেলার হাড়ীপাড়ার জগেন্দ্র সরকারের ছেলে ও আনোয়ার হোসেন সদরের চৌধুরী পাড়ার মৃত: গোলাম মন্ডলের ছেলে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের কুচিন্দা ঈদগাহ মাঠে স্কুল ছাত্রী ও তার দুই বন্ধু গল্প করছিলো। এমন সময় নরেশ ও আনোয়ার সেখানে উপস্থিত হয়ে স্কুল ছাত্রী ও তাঁর বন্ধুদের বিভিন্ন ভয়ভীতি এবং হুমকী দিয়ে আমডাঙ্গা গ্রামের ড্রাইভার শ্রী বাবু কর্মকারে ছেলে শুভ কর্মকার ও মাসতুতো ভাই গুপি শীলকে তাড়িয়ে দিয়ে মেয়েটিকে নিয়ে ধানক্ষেতের ধারে তার ইচ্ছার বিরুদ্ধে নরেশ জোরপূর্বক ধর্ষণ করে। এ কাজে সহযোগীতা করে মাইক্রো ড্রাইভার আনোয়ার হোসেন।

ওই সময় স্কুল ছাত্রীর দুইজনবন্ধু স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে বিষয়টি নিষ্পতি করার চেষ্টায় ব্যর্থ হলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ মঙ্গলবার রাতেই সদর ইউনিয়ন পরিষদ থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঐ রাতেই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্’র সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বুধবার দুপুরে দুই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং স্কুলছাত্রীর শারিরীক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
স/শ










