সিল্কসিটিনিউজ ডেস্ক: রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের কালো তালিকাভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রংপুর নগরীর টাউন হলে রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। তবে কমিটি বিলুপ্ত করার দাবিতে আর বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে করে সভাপন্ড হবার উপক্রম হলে কেন্দ্রীয় নেতাদের দৃঢ়তায় পরিস্থিতি শান্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দলের মধ্যে ভেজাল দূর করতে হবে। ভেজাল রাখা যাবেনা। তিনি বলেন, ২০১১ সালে রংপুর মহানগর কমিটি গঠন করার সময় অনেকের মধ্যে আপত্তি ছিলো। তারপরও ৩৩টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শেখ হাসিনা যখনই নির্র্দেশ দেবেন তখনই রংপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে গেছেন দুর্নীতির বরপুত্র তার ছেলে তারেক রহমানের সাথে ষড়যন্ত্র করতে। এর বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তিনি। সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর কবীর নানক বলেন আজ যারা সভায় অরাজকতা করলো তাদের কালো তালিকা ভুক্ত করা হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের স্থান হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
সভায় বেশিরভাগ বক্তাই মহানগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ ৬ বছর হয়ে গেছে বলে অভিযোগ করে আজকেই কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি করে নেতারা।
এক পর্যায়ে সকল ওয়ার্ডের নেতাদের বক্তৃতা দেবার সুযোগ দানের দাবিকে কেন্দ্র করে হাতাহাতি ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সভা স্থলে চরম বিশৃংখলা দেখা দেয়।
এ সময় মহানগর সম্পাদক তুষার কান্তি মন্ডল আর যুগ্ম সম্পাদক নওশাদের মধ্যে হাতাহাতি আর ধাক্কাধাক্কি শুরু হলে পুরো হল জুড়ে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় নেতা কর্মীদের মঞ্চে উপবিষ্ট নেতাদের কাছে সকল নেতাদের বক্তব্য দেবার সুযোগ দেবার দাবি জানিয়ে বলা হয়। এ সময় পুলিশ ও দলের কেন্দ্রীয় নেতারা এক ঘন্টা চেষ্টার পর আবারো সভা শুরু হয়।
এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বক্তব্য দিতে এসে বলেন, আমি হতবাক হয়েছি কোন যৌক্তিক কারণ ছাড়াই সভায় অরাজকতা সৃষ্টির জন্য। তিনি দায়িত্বশীল তাদের মধ্যে ২/৪ জন অতি উৎসাহিত হয়ে নিজেদের জাহির করতে যে কান্ড করলেন তা খুব দুঃখ জনক, আজ এখানে যে গন্ডগোল হলো এ জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমি অত্যন্ত ব্যাথিত হয়েছি।
তিনি বলেন, রংপুরকে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাটি হিসেবে গড়ে তোলার চেষ্টা আমরা সফল হতে পারলাম না।
সভায় রংপুর মহানগর আওয়ামী লীগের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরা হলেন, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমান, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক দুলাল চন্দ্র, ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি শহীদুল হক হীরা, ২২ নম্বর ওয়ার্ড সভাপতি রায়হানুল হক মানিক, মহানগর সহ সভাপতি নবী উল্লাহ পান্না, কায়সার শরীফ, ইদ্রিস আলী। সূত্র: বাংলা ট্রিবিউন










