নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশ রিমাণ্ডে থাকা অবস্থায় মাহফুজুর রহমান নামে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে নাচোল থানার হাজতখানার টয়লেট ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার ওসি আনোয়ার হোসেন জানান, টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বের না হওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে টয়লেটের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি টয়লেটের ভেন্টিলেটর ও দরজার চৌকাটের সঙ্গে প্যান্ট ঝুলিয়ে সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি জানান, বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

এর আগে, গত ১৯ জুলাই রাতে ভুল চিকিৎসায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগে মাহফুজুর রহমানকে নাচোল বাসষ্ট্যান্ড এলাকায় জননী ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহফুজুর রহমান নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর-মৃধাপাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
স/অ









