নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন দূরারোগ্য ব্যাধি পার্থেস ডিজিজ ও HBsAg ভাইরাসে আক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা।
যে টাকা জোগাড় করা ইসমাইলের অটোভ্যানচালক দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। তাই ইসমাইলের আকুতি, তাকে বাঁচিয়ে তুলতে সমাজের বিত্তবানরা যেন এগিয়ে আসে।
ইসমাইলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঝিকড়া গ্রামে। তিন ভাইবোনের মধ্যে ইসমাইলই বড়। এক বোনের বিয়ে হয়েছে। সবচেয়ে ছোট বোনটি চতুর্থ শ্রেণীতে পড়ে। বাবা সোহরাব আলী পেশায় অটোভ্যান চালক। কোনোরকমে জোড়াতালি দিয়ে সংসার ও ইসমাইলের লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন।

স্বপ্ন দেখতেন, ছেলে একদিন বড় হবে; সংসারের অভাব ঘুঁচবে। সেই বাবার কপালেই এখন হাজারো দুশ্চিন্তার ছাপ। ছেলের চিকিৎসা হবে কি করে?
ইসমাইল হোসেন জানান, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই সে এ রোগে আক্রান্ত হলেও টের পাননি। সে সময় টানা কয়েক বছর চিকিৎসাও করা হয়েছিল। তখন থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো তাকে। একে তো বাবা দরিদ্র, তার ওপর লেখাপড়া চালিয়ে যাওয়ার খরচ, তাই আর চিকিৎসাটাকে এগিয়ে নেয়া সম্ভব হয়নি।
ইসমাইল আরো জানান, চিকিৎসকরা জানিয়েছে দ্রুতই তার উন্নত চিকিৎসা করা দরকার, প্রয়োজনে দেশের বাইরে গিয়ে। এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকার। যা আমাদের মতো ভূমিহীন পরিবারের পক্ষে ব্যয় করা অলীক স্বপ্ন ছাড়া কিছু নয়। একমাত্র সমাজের বিত্তবানরাই পারে আমাকে বাঁচিয়ে তুলতে এবং আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে।
ইসমাইলকে সহায়তা করতে চাইলে তার বিকাশ নম্বরে যে কেউ সহায়তার অর্থ পাঠাতে পারেন। তার ব্যক্তিগত বিকাশ নম্বর হচ্ছে ০১৭৫০-১০৭৪৮১।
স/অ









