নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জননী ক্লিনিকে ভুল অপারেশনে এক স্কুল ছা্ত্রীর মৃত্যুর ঘটনায় মাহফুজ নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।
নিহতের আত্মীয় স্বজনরা বুধবার গভীর রাতে ডা. মাসুদ রানা বাদল ওরফে মাহফুজকে জননী ক্লিনিকে আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ ওই ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে নাচোল থানায় নিয়ে আসে।
আজ বৃহস্পতিবার নাচোল থানার ওসি আনোয়ার হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মাহফুজ হচ্ছেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আবু বক্করের ছেলে। তিনি এইচএসসি পাশ হলেও নিজের নাম গোপন রেখে নিজেকে ডা. মাসুদ রানা বাদল এমবিবিএস পরিচয়ে নাচোলের জননী ক্লিনিকে চিকিৎসা করে আসছিল।
জানা গেছে, নাচোল উপজেলার নেজামপুর ইউপির জাহিদপুর হাটবাকইল গ্রামের নাসিরুদ্দনের মেয়ে নাহিদা খাতুন (১৪) পেটের ব্যাথা নিয়ে গত ১৭ জুলাই বিকেলে জননী ক্লিনিকে ভর্তি হয়। ওই ক্লিনিকের চিকিৎসক মাহফুজ ওরফে ডা. মাসুদ রানা বাদল আলট্রাসনোগ্রাফির পর ওই রোগীকে রাত সাড়ে ৯টায় এপেন্ডিসাইড অপারেশন করেন। অপারেশনের পর ১৮ জুলাই বিকেলে ওই রোগির শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এসময় ডাক্তার তাকে জ্বরের ওষুধ দেন। কিন্তু তাতেও জ্বরের তীব্রতা না কমায় এবং রোগীর অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছালে বুধবার বেলা আড়াইটার দিকে ওই ক্লিনিকের ডাক্তার তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রামেক হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে নাহিদা খাতুনের মৃত্যু হয়।
এদিকে একটি সূত্র জানায়, মাহফুজ এইচএসসি পাশ হলেও তা গোপন রেখে নিজেকে ডা. মাসুদ রানা বাদল পরিচয় দেয় এবং ২০১৩ সালে এমবিবিএস পাসের সনদপত্রে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস করেছেন বলে দেখা যায়। তবে খোঁজ নিয়ে জানা যায় প্রকৃত ডা. মাসুদ রানা বাদলের দাখিল করা এই সনদের প্রকৃত ডাক্তার সিরাজগঞ্জের সৈয়দ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আছেন।
এদিকে নিহত নাহিদার আত্মীয় স্বজনরা বিষয়টি জানতে পেরে বুধবার গভীর রাতে ডা. মাসুদ রানা বাদল ওরফে মাহফুজকে জননী ক্লিনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আনোয়ার হোসেন জানান।
স/অ









