সিল্কসিটিনিউজ ডেস্ক:
সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে।
বিদ্যালয়কে শিশুদের জন্য আরো নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

আজ গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সন্তানদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দিতে হবে।
খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। শিশুদের চারপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে যা প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরো কার্যকর ও সুশৃঙ্খল করবে।










