সদ্য প্রকাশিত
জাতীয়

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে একদল দুর্বৃত্ত নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।

একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭ থেকে ৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।