সদ্য প্রকাশিত
জাতীয়

গঙ্গাচড়ায় পৃথক অভিযানে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
গঙ্গাচড়ায় পৃথক অভিযানে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ভুটকা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫)। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অপরজন হলেন বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল হাসান ওরফে খোকন (৪৩)।

তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আবুল হাসান ওরফে খোকনকে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে গঙ্গাচড়া থানায় করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গঙ্গাচড়া বাজারের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

তাকে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গঙ্গাচড়া থানায় করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, ‘পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’