সিল্কসিটিনিউজ ডেস্ক:
একে তো অসংখ্য ডুবোচর, তার ওপর পানি কমে নাব্যতা সংকট দেখা দিয়েছে পদ্মা নদীতে। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে।
ঘাট কর্তৃপক্ষ বলছে, সংকট মোকাবেলায় বর্তমানে নৌ রুটটিতে চারটি ড্রেজার দিয়ে খননকাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্র জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এ পথে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার যানবাহন ফেরি পারাপার হয়।
সূত্র জানায়, প্রত্যেক রো রো (বড়) ফেরি চলাচলের জন্য অন্তত আট ফুট পানির গভীরতা প্রয়োজন, কিন্তু পদ্মায় পানি কমে বিভিন্ন স্থানে চর জেগেছে।
এতে নৌরুটটির দৌলতদিয়া প্রান্তে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি ডুবোচরের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে রো রো (বড়) ফেরিগুলোর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।
এদিকে, নাব্যতা সংকটের কারণে গত ১৮ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফেরিঘাট। ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনার পর গত ১৩ নভেম্বর সকাল থেকে ওই ঘাটটি চালু রয়েছে, কিন্তু নাব্যতা সংকটের কবলে দীর্ঘদিন ধরে বন্ধ ৫ নম্বর ফেরিঘাটটি এখনো চালু হয়নি।
ঘাটটি চালু করতে ড্রেজার দিয়ে বেসিন চ্যানেলে খননকাজ এখনো চলমান।
বিআইডাব্লিউটিএ-এর আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ডুবোচর ও নাব্যতা সংকট মোকাবেলায় গত ২৮ সেপ্টেম্বর সম্পাদিত হাইড্রোগ্রাফি চার্ট অনুযায়ী দৌলতদিয়া প্রান্তে ড্রেজিং কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল পাঁচ লাখ ঘনমিটার। পরে ৪, ৫ ও ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পলি জমে যাওয়ায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে আট লাখ ঘনমিটার ধরা হয়।
সে অনুযায়ী গত ৬ অক্টোবর থেকে দৌলতদিয়া চ্যানেলে একাধিক ড্রেজার দিয়ে খননকাজ শুরু করে বিআইডাব্লিউটিএ। নৌপথে নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ করতে বর্তমান সেখানে চারটি ড্রেজার খননকাজ চালাচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মায় পানি কমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে রো রো (বড়) ফেরিগুলোর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় নৌরুটের দৌলতদিয়া চ্যানেলে দ্রুত খননকাজ চালাচ্ছে বিআইডাব্লিউটিএ।’










