সিল্কসিটিনিউজ ডেস্ক:
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম, যুবদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু ও জিয়াউল কবির মিঠু।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরখা পরে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সারা দেশে নৈরাজ্য চালিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা।
আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে চিরুনী অভিযান চালিয়ে গ্রেপ্তারের দাবি জানান তারা। রাজপথে থেকে নিষিদ্ধ সংগঠনের যাকে পাবে তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।










