সিল্কসিটিনিউজ ডেস্ক:
আউটলুকসহ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে, যার ফলে অসংখ্য ব্যবহারকারী তাদের ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারে এবং প্রযুক্তি জায়ান্টটির অন্যান্য অ্যাপে বিভিন্ন ত্রুটির সম্মুখীন হয়েছেন।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ ইস্টার্ন টাইম বৃহস্পতিবার দুপুর ১টার পরপরই প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন।

সেই সর্বোচ্চ চূড়া থেকে নতুন অভিযোগের সংখ্যা কিছুটা কমলেও, অনেকেই জানিয়েছেন যে তারা ইমেইল পাঠাতে ও গ্রহণ করতে পারছেন না কিংবা তাদের ইনবক্স লোড হতে সমস্যা হচ্ছে।
হাজার হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের কর্মক্ষেত্রভিত্তিক মেসেজিং অ্যাপ ‘টিমস’, এআই সহকারী ‘কোপাইলট’ এবং বৃহত্তর ‘মাইক্রোসফট ৩৬৫’ সেবাগুলোতেও সমস্যার কথা জানিয়েছেন। মাইক্রোসফট জানিয়েছে, তারা এই বিঘ্নগুলো খতিয়ে দেখছে, বিশেষ করে তাদের ইমেইল এবং টিমস অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্যাগুলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হালনাগাদ তথ্যে ওয়াশিংটনের রেডমন্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটি জানায়, ‘আমেরিকা অঞ্চলে একাধিক সংযোগ পদ্ধতির মাধ্যমে এক্সচেঞ্জ অনলাইন মেইলবক্সে প্রবেশ করতে ব্যবহারকারীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন; সে বিষয়ে তারা অবগত রয়েছে।
’
মাইক্রোসফট পরবর্তীতে ব্যাখ্যা করে যে, তাদের অবকাঠামোর একটি অংশে ‘অতিরিক্ত চাপ তৈরি হয়েছে’; যা তাদের মতে ‘সম্ভবত সংযোগ ত্রুটির ক্ষেত্রে ভূমিকা রাখছে’। কম্পানিটি নিশ্চিত হয়েছে যে, একটি সমস্যার কারণে স্বয়ংক্রিয় যাচাইকরণ প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ায় বেশ কিছু সার্ভার ‘অপ্রত্যাশিতভাবে অকার্যকর’ হয়ে পড়েছে।
এই ব্যর্থতার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে সে বিষয়ে মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে তারা সমস্যাটি সমাধানের একটি উপায় পরীক্ষা করে দেখছে বলে উল্লেখ করেছে। ‘মাইক্রোসফট ৩৬৫ স্ট্যাটাস’ অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখা হয়েছে, ‘প্রভাব কমিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সব পথ অনুসরণ করছি’।
এর আগে দিনের শুরুতে কম্পানিটি জানিয়েছিল, তারা উত্তর আমেরিকায় মাইক্রোসফট টিমস সংক্রান্ত সমস্যাগুলো সফলভাবে পুনরুদ্ধার করেছে। যদিও কিছু ব্যবহারকারী এর পরও সংযোগজনিত সমস্যার কথা জানিয়ে আসছিলেন।










