আন্তর্জাতিক

আরো বেশি ‘ট্রাম্পবাদ’-এ ঝুঁকছে রিপাবলিকানরা

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৬৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্টিফেন মিলারের মত জিম জর্দানকে কট্টরপন্থি হিসেবে পরিচিত। আর শিগগিরই সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসা রিপাবলিকান হাউস নির্বাচনী বিপর্যয়ের শোক কাটিয়ে উঠে প্রেসিডেন্টের মন্ত্রিসভার সবচেয়ে কট্টর ট্রাম্পপন্থী সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের হাত থেকে বাঁচিয়েছে।
কট্টর রিপাবলিকান ঘাঁটিসহ দেশজুড়ে বিশাল পরাজয়ের পর অনুতপ্ত হওয়ার বদলে দলটির এই আচরণ বরং বিদায়ি হাউস স্পিকার মাইক জনসনের সোমবারের বক্তব্যকেই প্রতিফলিত করে, ‘ভোটাররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

ট্রাম্প ছাড়া মাগা রাজনীতিতে জর্ডান ও মিলারের চেয়ে লড়াকু জুটি আর নেই। জর্ডান বিশৃঙ্খলা তৈরিতে ওস্তাদ, যিনি সরকারে থাকার চেয়ে বিরোধী দলে থাকলে আরো বেশি কার্যকর হতে পারেন।

কংগ্রেসের বহু শুনানিতে সাক্ষীদের ওপর তীক্ষ্ণ আক্রমণ চালিয়ে তিনি প্রায়ই হট্টগোল বাঁধিয়েছেন।
আগামী বছর ডেমোক্র্যাটদের তদন্তের ঝড় শুরু হলে তিনিই হবেন ট্রাম্পের প্রথম প্রতিরক্ষা ঢাল। অন্যদিকে মিলার হলেন ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যে কট্টর জাতীয়তাবাদের প্রতিমূর্তি। তিনি তার নেতার ক্ষমতার বাকি দুই বছরের প্রতিটি সেকেন্ড নিংড়ে নেবেন।

তাদের এই পদোন্নতি এই জোরালো বার্তাই দেয়, গত সপ্তাহে ভোটাররা ট্রাম্পের নীতি, কর্মকাণ্ড এবং ব্যক্তিত্বের নানা দিক প্রত্যাখ্যান করা সত্ত্বেও ট্রাম্পের রিপাবলিকান পার্টিতে কোনো অনুশোচনা বা পিছু হটার সুযোগ নেই। এই দলটি নিজেদের বদলাতে চায় না। তারা লড়াই চায়।

বাইরের কেউ হয়তো আশা করেছিলেন যে, রিপাবলিকান দুর্গ ভেঙে পড়ার পর এবং ডেমোক্র্যাটদের কাছে হাউস ও সিনেট হারানোর পর ট্রাম্প ও তার দল নিজেদের ভুল নিয়ে আরো বেশি ভাববে।

২০২৮ সালে কংগ্রেস পুনরুদ্ধার এবং হোয়াইট হাউস ধরে রাখতে হলে দলটির তো আরো বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানো প্রয়োজন। কিন্তু মধ্যপন্থী ভোটারদের হারিয়ে ট্রাম্প এখন সম্ভবত শুধু তার সবচেয়ে অন্ধ অনুসারীদের ওপরই নির্ভর করছেন। দলের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ যে এখনো কতটা শক্ত, তা মঙ্গলবার স্পষ্ট হয়ে গেছে যখন হাউস রিপাবলিকানরা বিস্ময়করভাবে ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা রুখে দেয়।

হেগসেথের চাকরি বাঁচানো ভোটারদের জন্য অপমানজনক মনে হতে পারে। তিনি ইরান যুদ্ধের প্রধান পরিকল্পনাকারী ও সমর্থক, যে যুদ্ধকে এমনকি অনেক রিপাবলিকান ভোটারও ঘৃণা করেন। তবে ভয়াবহ নির্বাচনী রাতের এক সপ্তাহ পর এই ভোট হাউস রিপাবলিকানদের মনোবল বাড়িয়েছে এবং ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবুও ডেমোক্র্যাটদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার অর্থ হলো, এটি ছিল একটি পরাজিত বাহিনীর শেষ রক্ষার জয়।

নতুন বছরে স্পিকার হতে যাওয়া ডেমোক্র্যাটিক হাউস সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, ‘এটিই শেষ নয়, এটি মাত্র শুরু।’

ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনের বিজয়ের বিশালতা—সিনেটে দুটি আসনের ফলাফল বাকি থাকতেই তারা ৫৪টি আসনে এগিয়ে এবং হাউসে এখন পর্যন্ত ২৫৬টি আসন পেয়েছে—এর অর্থ হলো ২০২৮ সালে ক্ষমতায় ফিরতে রিপাবলিকানদের সামনে বিশাল চ্যালেঞ্জ। তাই ভোটাররা ইতিমধ্যেই যে পন্থাকে ঘৃণা করেছে, ট্রাম্পের সেই একই পথে আরো দুই বছর দ্বিগুণ গতিতে এগিয়ে যাওয়াটা দুর্বল কৌশল বলে মনে হতে পারে। কিন্তু নতুন রিপাবলিকান পার্টি এমন একজন প্রেসিডেন্টের মানসিকতা বহন করে, যিনি সারা জীবন প্রতিটি পরাজয়ের জবাব লড়াই আরো তীব্র করে দিয়েছেন, এবং প্রায়ই তা আরো চরমপন্থী উপায়ে।

আর ট্রাম্পের রিপাবলিকান পার্টি অনেক আগেই বিশেষজ্ঞ, মধ্যপন্থী এবং প্রবীণ নেতাদের পরামর্শ শোনা বন্ধ করে দিয়েছে। ২০১২ সালের নির্বাচনের পর দলটি একটি পর্যালোচনা করেছিল যে কেন তাদের প্রার্থী মিট রমনি প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচন ঠেকাতে ব্যর্থ হলেন। ওই গবেষণায় দেখা গিয়েছিল, হোয়াইট হাউস পুনরুদ্ধার করতে হলে রিপাবলিকানদের অশ্বেতাঙ্গ, তরুণ এবং নারী ভোটারদের আকৃষ্ট করতে তাদের ভিত্তি আরো প্রসারিত করতে হবে।

কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা, ট্রাম্প তার জনতুষ্টিবাদী, জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী জোয়ার নিয়ে এসে ক্ষমতা দখল করেন এবং পুরোনো রক্ষণশীল রিপাবলিকান পার্টিকে নিজের আদলে বদলে দেন।

২০২৬ সালের নির্বাচনী বিপর্যয়ের ধ্বংসস্তূপ থেকে জর্ডান ও মিলারের উত্থান ট্রাম্পের মূল সমর্থক গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ারই একটি আধুনিক সংস্করণ। জর্দানের বিজয় রাজনৈতিক সমীকরণকেও প্রতিফলিত করে। গত সপ্তাহের ডেমোক্র্যাটিক ঝড়ে দোদুল্যমান আসনগুলোর অধিকাংশ মধ্যপন্থী রিপাবলিকান পরাজিত হয়েছেন।

যারা টিকে আছেন, তারা কট্টর রিপাবলিকান এলাকা থেকে নির্বাচিত এবং তাই তারা আরও বেশি রক্ষণশীল ও ট্রাম্পপন্থী। ফলে ছোট হয়ে আসা রিপাবলিকান দলের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে।

মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয় সত্ত্বেও রিপাবলিকান সমর্থকদের নমনীয় হতে অস্বীকৃতি জানানোর বিষয়টি সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে অভিবাসন নিয়ে তীব্র বিতর্কের মাধ্যমে। সিবিএস নিউজে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন ডেমোক্র্যাটিক কংগ্রেসের সাথে অভিবাসন সংস্কার নিয়ে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়।

এরপর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন ইঙ্গিত দেন যে, এই চুক্তিতে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আসা নথিপত্রহীন অভিবাসীদের স্থায়ী বৈধতা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এর ফলে মাগা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং আশঙ্কা তৈরি হয় যে ট্রাম্প তার সবচেয়ে অনুগত সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।

ট্রাম্প সিবিএসকে বলেছিলেন যে অভিবাসন নিয়ে কঠোর দমন-পীড়ন হয়তো একটু বেশিই হয়ে গেছে, যার বিরুদ্ধে অধিকাংশ আমেরিকান বিদ্রোহ করেছে। কিন্তু তার কট্টর সমর্থকরা কোনোভাবেই পিছু হটতে চায় না।

ফক্স নিউজের তারকা লরা ইনগ্রাহাম সোমবার তার অনুষ্ঠানে ‘ভুল শিক্ষা’ শিরোনামের এক পর্বে ’সাধারণ ক্ষমা’ ঘোষণার বিরুদ্ধে সতর্ক করেন। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই মুলিন তার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জোর দিয়ে বলেন যে অভিবাসন ও বিতাড়ন নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

সত্যি বলতে, ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকা একটি দলের কাছ থেকে নির্বাচনের পর পথ পরিবর্তন আশা করাটা সবসময়ই অবাস্তব ছিল। ট্রাম্প-পরবর্তী যুগে রিপাবলিকান পার্টির সম্ভাব্য অবস্থান কী হবে, সেই বিতর্ক তাদের ওপরই ছেড়ে দেওয়া ভালো যারা ভবিষ্যতে দলটির নেতৃত্ব দেবেন।

গত সপ্তাহে রিপাবলিকানদের ভরাডুবির পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যুদ্ধ প্রত্যাখ্যান এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের আগামী এক দশকের রাজনৈতিক ক্ষতির সতর্কবার্তায় সেই প্রক্রিয়ার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে আপাতত ট্রাম্প, মিলার, জর্ডান এবং হেগসেথ জুটি তাদের চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত হচ্ছে। এর অর্থ হলো, ২০২৭ সাল ওয়াশিংটনের জন্য একটি অত্যন্ত উত্তাল বছর হতে যাচ্ছে।