নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থান থেকে ২৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) এসব ককটেল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিটোলা মণ্ডলপাড়া এলাকার একটি লেবুবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করা হয়। তিনটি গর্তে লাল রঙের বালতিতে স্কচটেপ মোড়ানো অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
সূত্রগুলো জানায়, এলাকাবাসী ওই বাগানে সন্দেহজনক ৩টি নতুন গর্ত ও ককটেল রাখা ৩টি বালতি দেখতে পেলে বিকেল ৩টার দিকে পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে এরআরবি-৫ রাজশাহীর বোম্ব ডিসেপাজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে রাতে ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, এর আগে দুপুর ১২টার দিকে জেলা শহরের জোড়গাছি নতুন মহল্লা এলাকায় তিন রাস্তার মোড়ে সড়কের পাশে একটি নির্মাণাধীণ বাড়ির সামনে ঘাসের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে রাখা ৭টি ককটেল দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, কে বা কারা এবং কী উদ্দেশ্যে দুই স্থানে ককটেলগুলো মজুদ করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









