লীড নিউজ

১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Silk City২১ মে ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

সারাদেশে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আধাবেলায় ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, বেলা ১২টা পর্যন্ত ১৫৬ উপজেলায় ভোট পড়েছে গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি প্রথম ধাপের চেয়ে ভোটের হার বাড়বে।’

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এসব নির্বাচনে ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন ভোটার রয়েছেন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে এবার ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। অন্যগুলোতে আগামী ২৯ মে ও ৫ জুন ভোটগ্রহণ করা হবে। কয়েকটি উপজেলার মেয়াদ পূর্তি না হওয়ায় ভোটের তফসিল এখনো দেয়নি ইসি।