নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ মতবিনিময় সভার আয়োজন করে বিজিবির ৫৯ ব্যাটালিয়ন।
সভায় প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিজিবি ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মতবিনিময় সভায় বলেন, সামনে নির্বাচন। এ সময় সন্ত্রাসীরা প্রস্তুতি নেয়। এটা অস্ত্র আসার মৌসুম। গরুর সাথে অস্ত্র চোরাচালন হয়। আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

গরু চোরাচালন প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বিপুল পরিমাণ গরু পালিত হয়। ওই সব গরু তাদের দিতেই হবে। আমরাও চাই গরু আসুক। কিন্তু বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। রাখালদের করিডোরের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। সীমান্তে কেউ হত্যার শিকার হলে করিডোর বন্ধ করে দিব।
সীমান্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিবে বিজিবি পরিচালিত সীমান্ত ব্যাংক এ আশ্বাস দিয়ে বিজিবি মহা পরিচালক আরো বলেন, সরকার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ সড়ক নির্মিত হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তিনি সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার বন্ধে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
স/শ









