রাজশাহী

রামেবির ভিসিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় মামলায় গ্রেপ্তার এক

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার এবং ভিসির পিএস নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে (৫৬) মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃত আব্দুস সালাম নগরীর প্যারামেডিকেল এলাকার বাসিন্দা।

জানা গেছে- মঙ্গলবার (৬ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় উপাচার্যকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তুলে তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়। স্বাক্ষর নেওয়ার পর তাদের কার্যালয় থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময়ে উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভির যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে। পাশাপাশি পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এই ঘটনায় রামেবির ভিসির পিএস নাজমুল হোসাইন বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। তবে মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম এই মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রামেবির ঘটনায় ভিসির পিএস নাজমুল হোসাইন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। মামলার তদন্তপ্রাপ্ত আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ (বুধবার ৭ অক্টোরব) দুপুরে আদালতে পাঠানো হবে। এনিয়ে পুলিশ কাজ করছে। বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

 

স/আ