সদ্য প্রকাশিত
নওগাঁ

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ দুই মাদক কারবারির কারাদণ্ড

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ দুই মাদক কারবারির কারাদণ্ড

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মাদক বিক্রি, সংরক্ষণ ও মাদক সেবনের অপরাধে নারীসহ দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী আনজুআরা (৪১) এবং খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২২)।

রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন জানান, নারী আনজুআরা এলাকায় মাদক ব্যবসা করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে তার বাড়িতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় যুবক রবিউল ইসলামকে আটক করা হয়। এতে মাদক সেবনের অপরাধে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের জেল দেওয়া হয়।

এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর খলিলুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহিন শওকত ও আব্দুল্লাহিল বাকি উপস্থিত ছিলেন।