সদ্য প্রকাশিত
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয় ভারত অনুষ্ঠান শেষে ফেরার পথে গাছে ধাক্কা লাগল গাড়ির, নিহত ৮ ডিসেম্বরে ৭৫ হাজার টনে পৌঁছাবে টিসিবির সংরক্ষণ সক্ষমতা পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী শীতার্তদের পাশে আশা, রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় সংঘর্ষ, আহত ৭ পুলিশ
জাতীয়

পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর হার পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে।

গত বছর দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন।

২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা জরুরি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণায় ভাটা পড়েছে।

স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে।
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য বলছে, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের।

 

গত বছর নতুন শনাক্তদের ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর।

১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।
বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিং করায় শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।

বিভাগটির এক উপস্থাপনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা থাকা এইচআইভি মোকাবেলার বড় চ্যালেঞ্জ। এ ছাড়া সচেতনতার ঘাটতি, সমন্বয়হীনতা ও আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও প্রতিবন্ধকতা তৈরি করছে।