রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে জাল সার্টিফিকেট তৈরি করার অপরাধে মিলন কম্পিউটারে ৫ হাজার টাকা ও ভূল তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টার অপরাধে এক যুবকের ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাণীনগর সদর বাজারের বিজয়ের মোড়ের পশ্চিম দিকে মিলন কম্পিউটারে দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমান অঅদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, উপজেলার সিম্বা গ্রামের মোস্তাক কাজীর ছেলে রুহুল আমিন (২১) নামের এক যুবক এসএসসি পাশের সার্টিফিকেটসহ কাগজপত্র নিয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসে। কিন্তু এসএসসি সার্টিফিকেটটি সন্দেহজনক হওয়ায় রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে জানায় রাণীনগর বাজারের বিজয়ের মোড়ের পশ্চিম পাশে মিলন কম্পিউটার থেকে সে জাল সার্টিফিকেটটি তৈরি করে নিয়েছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে মিলন কম্পিউটারে দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ঘটনা সত্যতা পাওয়ায় মিলন কম্পিউটারের প্রোপাইটার রাণীনগর সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের আফজাল হোসেন মোল্লার ছেলে মিলন মোল্লার ৫ হাজার টাকা ও মিথ্যা তথ্য প্রদান করে ভোটার হওয়ার চেষ্টার অপরাধে রুহুল আমিনের ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিলন কম্পিউটারের প্রোপাইটার মিলন মোল্লা জাল সার্টিফিকেট, জাল জাতীয় পরিচয়পত্র ও জাল জন্ম সনদপত্রে তৈরির কুকর্ম প্রক্যাশ্যে চালিয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স/শ










