রাজশাহী

রাজশাহী মেডিকেলে ৪ দিনে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত চারদিনে হাসপাতালটিতে নতুন করে ১০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন রোগী। সর্বশেষ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হন ২০ জন। ওই দিন ১২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পান।  দিন শেষে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৯৩ জন। ডেঙ্গুতে মারা মো. আনোয়ার মন্ডল (৫২)। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তার আগেরদিন ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ২১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন আনোয়ার। ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

গত রোববার (২০ সেপ্টেম্বর) ডেঙ্গু রোগী আরও বাড়ে। ওই দিন নতুন করে ৩১জন ডেঙ্গু রোগী ভর্তি হন হাসপাতালে। সুস্থ হয়ে ছাড়পত্র পান ১৮ জন রোগী। একই দিনে ডেঙ্গুতে মারা যান ১৬ বছর বয়সী সাথী রাণী। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। ২০ সেপ্টেম্বর ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম।

এদিকে ২১ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ছাড়পত্র পান ২৭ জন। এদিন ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু না হলেও দিন শেষে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ায় ১০৪ জনে। সবশেষ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। একই দিনে ডেঙ্গুতে আব্দুুল করিমের (৪৫) মৃত্যু হয়েছে। ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

আব্দুল করিম পেশায় কৃষক ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গার বটতলা এলাকায়। তিনি ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের তথ্য অনুযায়ী, আব্দুল করিমের মৃত্যুর সময় ২১ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিট। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—সন্দেহভাজন ডেঙ্গু মায়োকার্ডাইটিস থেকে সৃষ্ট হৃদ্‌যন্ত্রের অনিয়মিত স্পন্দনের কারণে আকস্মিক হৃদ্‌যন্ত্রজনিত মৃত্যু।

চলতি বছরের ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গত চারদিনের হিসাব পর্যালোচনায় দেখা যায়, এসময় রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। এই সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন- মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২৪ ঘন্টায় ডেঙ্গুর নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। একই সময় ছাড়পত্র পেয়েছে ২৫ জন। এছাড়া আব্দুল করিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগী ১০৭ জন।