সিল্কসিটিনিউজ ডেস্ক :
দিনভর দোকানের কাজ শেষে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কলেজছাত্র দেবরাজ বণিক। হয়ত বাড়িতে ফেরার পর পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার কথা ছিল, হয়ত আগামীদিনের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন ছিল।
কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। পথেই মাছবাহী একটি পিকআপের ধাক্কায় থেমে গেল দেবরাজের প্রাণ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের বাবা আশিষ বণিক।

দেবরাজ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা। সে ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানায়, বুধবার রাতে বাবা আশিষ বণিককে সঙ্গে নিয়ে বারইয়ারহাট পৌরবাজারের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দেবরাজ। পথে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে বাবা-ছেলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আহত বাবা আশিষ বণিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনার শিকার দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিক নামের একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










