সদ্য প্রকাশিত
নওগাঁ

বদলগাছীতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র সংঘর্ষের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
বদলগাছীতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র সংঘর্ষের ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ইউএনও অফিসে মারামারি ও ভাংচুরের ঘটনায় অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অফিসের উচ্চমান সহকারী রফিকুল ইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় মামলা দায়ের করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ কমিটি জাহাঙ্গীর আলম নামে এক প্রার্থীকে নিয়োগ দেবে বলে অভিযোগ উঠে। এ সময় পরীক্ষা স্থগিত করার জন্য অন্য প্রার্থীরা একটি আবেদন ইউএনও অফিসে নিয়ে যায়। ইউএনও না থাকায় আ’লীগের কয়েকজন নেতাকর্মী এবং নিয়োগ প্রার্থীদের পক্ষ ও বিপক্ষ উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংবাদ পেয়ে থানা পুলিশ, সাবেক এমপি ও বিএমডিএ’র চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। পরে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মাত্র পাঁচজন প্রার্থী অংশে নেয়।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, প্রার্থীদের মধ্যে দুজন স্কুলের শিক্ষক। তারা পরীক্ষায় অংশ না নিয়ে ইউএনও অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াসিউর রহমান বলেন, ইউএনও অফিসে দুইপক্ষ অবস্থান করছিল। সাময়িক ভাবে পরীক্ষা স্থগিত করার জন্য একটি পক্ষ দরখাস্ত দিতে চেয়েছিল। দরখাস্তটি নিয়ে আমি তাদেরকে আমার অফিসে যেতে বলি। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে পরীক্ষা বাতিল এবং নিয়োগ বন্ধের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে সীদ্ধান্ত নিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুম আলী বেগ বলেন, আমার অনুপস্থিতিতে অফিসে সংঘর্ষের ঘটনায় কিছু আসবাবপত্র পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি-তদন্ত) শাহিনুর রহমান বলেন, ইউএনও অফিসে বিশৃঙ্খলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স/বি