নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় নওগাঁর নিয়ামতপুরে ১ জামায়াত নেতাসহ ২জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার আজকের রায়কে ঘিরে বিএনপি-জামায়াত নিয়মাতপুরে নাশকতার ঘটনা ঘটাতে পারে এই আশংকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। বুধবার ভোর সাড়ে ৪টায় নিয়ামতপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর বালাহৈর গ্রামের মৃত- আফসার আলীর ছেলে ইমরান আলী (৩৫)কে নিজ বাড়ী থেকে ও উপজেলার পাড়ইল ইউপির আসরগ্রামের ফাইমুদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩৫)কে নিয়ামতপুর উপজেলা সদরের চার মাথার মোড় থেকে আটক করে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান বলেন, আগামীকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের কারণে নিয়ামতপুরে নাশকতা আশংকায় আমরা আগাম তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করি। নিয়ামতপুর উপজেলায় যাতে কোথাও কেউ নাশকতার ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ বাহিনী সর্তক রয়েছে। নিয়ামতপুরে রায়ের পক্ষে কিংবা বিপক্ষে কোন মিছিল, মিটিং কিংবা সমাবেশ কেউ করতে পারবে না।

আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










