নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পত্মীতলা উপজেলার মান্দাইন আবেদিয়া উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য। বুধবার নওগাঁ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. কামরুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত মান্দাইন আবেদিয়া উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২০০ বিঘার অধিক জমা-জমি রয়েছে। এসব থেকে প্রতি বছর প্রায় ১৮ লাখ টাকা আয় হয়। বর্তমান প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ১৯৯৯ সালে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পান। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করে চলেন না। ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই তিনি তাঁর খেয়াল খুশিমতো বিদ্যালয়ের সম্পদ ব্যবহার করছেন। সর্বশেষ অডিট রিপোর্টে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাবে ৪ লাখ টাকার গড়মিল পাওয়া গেছে। এই টাকা তিনি নিজে পুরোটাই আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মনছুর আলী, হুমায়ুন কবির ও নূর আলম।

এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মর্তুজা আলী বলেন, ‘প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি ডুবতে বসেছে। ম্যানেজিং কমিটির কোনো সদস্য এবং এমনকি শিক্ষকদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো নয়। বর্তমানে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল অবস্থা চলছে। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে না।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ‘তাঁরা যে অভিযোগ করেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব কাজ এই প্রতিষ্ঠানে করা হয়, এর প্রমাণ আমার কাছে রয়েছে।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা বলেন, ‘এ ধরনের অভিযোগ আমার কাছে আসেনি। কেউ লিখিত করলে তদন্ত করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
স/শ










