নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় কাজের জন্য বাড়ি বের হওয়ার তিনদিন পর একটি ডোবা থেকে যুবকের ডুবন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নওগাঁ শহরের চকমুক্তার উত্তরপাড়া মহল্লায় বিউটি ছাত্রাবাসের দেয়াল ঘেষে অবস্থিত একটি ডোবা থেকে রবিবার বিকেল তিনটায় ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার একটি নিখোঁজ সম্পর্কিত সাধারণ ডাইরী’র সূত্র ধরে পুলিশ কর্তৃক সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা এসে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেছে।
নিহত যুবকের নাম সুমন (৩২)। সে নওগাঁ শহরের চকদেব জনকল্যান মন্ডলপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

পিতা নুর ইসলাম জানান সুমন রাজমিস্ত্রির জোগানদার হিসেবে কাজ করতো। গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের আশে পাশে কোন এক বাসায় কাজ করার নাম করে বাড়ি থেকে বের হয়। সর্বশেষ ঐদিন বেলা ১১টায় মোবাইল ফোনে বাবার সাথে কথাও হয়েছে। কিন্তু সন্ধ্যায় সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে নওগাঁ সদর মডেল থানায় একটি নিখোঁজ সম্পর্কিত সাধারন ডাইরী লিপিবদ্ধ করা হয়।
এদিকে রবিবার বেলা অনুমান সাড়ে ৩টার দিকে বিউটি ছাত্রাবাসের একজন বোর্ডার জানালা দিয়ে ময়লা ফেলতে গিয়ে ডুবন্ত লাশ দেখতে পায়। কেবলমাত্র দুই হাতের কব্জি এবং দুই পা পানি থেকে বের হয়ে ছিল। মাথা পুরোপুরি কাদার মধ্যে ডুবন্ত ছিল। নওগাঁ সদর মডেল থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতাল মর্গে প্রেরন করে।
পারিবারিকভাবে দায়েরকৃত সাধারণ ডাইরীতে উক্ত সুমনের মৃগী রোগ আছে বলে উল্লেখ করা হয়। কিন্তু যে ডোবায় লাশটি পাওয়া গেছে তার ধারে কাছে যাওয়ার মত কোন রাস্তা বা ব্যবস্থা নাই এবং ঐ ডোবার পানি খুবই নোংরা। কাজেই প্রাথমিকভাবে পরিকল্পিতভাবে হত্যা করে সেখানে লাশ অতি সন্তর্পনে ফেলে রাখা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
নওগাঁ সদর থানার পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন এই মৃত্যুর ব্যপারে কোন না কোন রহস্য আছে তবে ময়না তদন্ত করলেই আসল ঘটনা জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
স/শ










