নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে বাররশিয়া এলাকার সরির বিলে পানিতে ডুবে সোমবার বিকেলে নিখোঁজ বাশরী বেগম (২৫) নামে গৃহবধুকে ১৫ ঘন্টা পর জীবিত অবস্থায় উদ্ধার কর হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ১১ নংওয়ার্ড নতুনহাট বাররশিয়া এলাকার সরির বিলের ধারে কচুরীপানার ভিতর থেকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী।
জানা যায়,ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রহমানের (২৮) স্ত্রী বাশরী বেগম বিকেল চারটার দিকে কাপড় কাঁচতে ও গোসল করতে বাড়ির পাশে বিলের পানিতে নেমে নিখোঁজ হন। এরপর এলাকাবাসী বিলের পানিতে জাল ফেলে তার তল্লাশী শুরু করেন। সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ডুবুরী না থাকায় রাজশাহীতে খবর দেয়া হয়। রাজশাহী থেকে ডুবুরীদল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে আটটা থেকে তল্লাশী শুরু করে পৌনে দশটা পর্যন্ত তল্লাশী চালিয়ে রাতের মত তল্লাশী স্থগিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব অফিসার আব্দুল হামিদ জানান, দুপুরে তল্লাশী শুরুর আগ মুহুর্তে খবর পাওয়া যায় নিখোঁজ গৃহবধুকে জীবিত পাওয়া গেছে।
তিনি বলেন, তদন্তে জানা গেছে নিখোঁজস্থলের কিছু দুরে বিলের পাড়ে কচুরীপানার মধ্যে থেকে তাকে অজ্ঞান অবস্থায় জীবিত উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখনও পূর্ন স্বাভাবিক নন বলে জানান সাব অফিসার আব্দুল হামিদ।
১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমানও সোমবার বিকেলে নিখোঁজ গৃহবধুকে মঙ্গলবার দুপুরে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স/অ









