নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে নবগঠিত স্থানীয় ওয়ার্ড যুবলীগের কমিটি বাতিল চেয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার দুপুরে শাহবাজপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের ব্যানারে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মুর্শেদ, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জেম আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সদস্য সোহবুল ইসলাম, বাতেন সিদ্দিকী ও আ.লীগ নেতা হারুন অর রশিদসহ অন্যরা। এসময় বক্তারা বলেন- অবৈধ এ কমিটি মানি না, মানবো না। সম্প্রতি অনুমোদনকৃত পকেট কমিটিতে একই স্থানে শুধুমাত্র সভাপতির সীল ব্যবহৃত হয়েছে। যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত। অবিলম্বে এ কমিটি বাতিল করে বৈধ কমিটি গঠনের জোর দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জুলাই ১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ।

স/শা









