সব খবর

ঘুষের টাকা নিয়ে দর-কষাকষি এএসআইয়ের, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, থানার পুকুরঘাটে এএসআই অতনু বণিক এক মামলার বাদীর কাছ থেকে টাকা গ্রহণ করছেন। এ সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি ১০ হাজার টাকা চেয়েছিলেন। আগে ৪ হাজার দিয়েছি, এখন ৬ হাজার দিলাম।’

এদিকে এর আগেও একটি মামলার তদন্তে গিয়ে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছিল এএসআই অতনু বণিকের বিরুদ্ধে।

ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচার চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সুত্র :কালের কন্ঠ