নিজস্ব প্রতিবেদক:
টানা সাত বছরের সর্বনিম্ন ৪৫ দশমিক ৬ শতাংশ ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পাস করেছে- ৬১ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে- সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হিসাববিজ্ঞান বিষয়।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে- কোন বিষয়ে কতজন ফেল করেছে, সেগুলোর তালিকার কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে জানা যাবে- এই তিন বিষয়ের মধ্যে কোনটিতে কতজন ফেল করেছে। সেই তালিকা প্রস্তুত হলে জানানো হবে।

ফলাফল খারাপ হওয়ার কারণ হিসেবে কয়েক বছরের পড়াশোনায় ঘাটতি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং করোনাকালীন পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন- রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী।
তিনি বলেন, কয়েক বছর ধরেই শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি রয়েছে। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাস করেনি। করোনার প্রভাব, অটোপাস এবং বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠদান থেকে বিমুখ ছিল। ফলে অনেকেই ঠিকমতো ক্লাস করতে পারেনি। বোর্ড চেয়ারম্যান আরও বলেন, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিল এবং পড়াশোনায় মনোযোগী ছিল, তারা ভালো ফলাফল করেছে।
প্রসঙ্গত, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এরমধ্যে ছাত্রের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৬৫ জন ও ছাত্রীর জিপিএ-৫ প্রাপ্তি ২ হাজার ৫৫৫ জন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।









