চাঁপাইনবাবগঞ্জ

ককটেল বিস্ফোরণে তরুণের কবজি বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় স্থানীয় দুটি গ্রুপের পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফারণে দুজন আহত হয়েছেন। এতে আব্দুল হামিদ (১৮) নামে এক তরুণের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সুমেন আলী (৩২) নামে এক যুবকের ডান চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।

পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

আহত হামিদ সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার গোটিপাড়া এলাকার মো. এলামের ছেলে এবং সুমেন সদর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর পাঠানপাড়া এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার একটি আমবাগানে দুটি ককটেল বিস্ফেরিত হলে হামিদ ও সুমেন আহত হয়। পরে ওই এলাকা তল্লাশি করে পুলিশ ১১টি ককটেল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছে।

আহতদের পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।