কামাল হোসেন, ভ্রাম্যমানপ্রতিনিধি:
বাংলাদেশ সরকার অসহায় দু:স্থদের জন্য বিভিন্ন ধরনের ভাতা দেয়ার ব্যবস্থা করেছেন। এর মধ্যে বয়স্ক এবং প্রবীনদের জন্য ভাতার ব্যবস্থা থাকলেও তা ঠিক ভাবে পৌছেনি অনেক স্থানে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন স্থানে সরকারি এসব সুযোগ সুবিধা পাচ্ছে না প্রবীন ও বৃদ্ধরা। শেষ বয়সে খাওয়া-দাওয়া, পড়নের কাপড়-চোপড় এমনকি চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করলেও এ পর্যন্ত বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড ও ১০ টাকা কেজির চালের কার্ডসহ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত উপজেলার ৭০ হতে ১১০ বছরের ৭ জন অসহায় দু:স্থ ব্যক্তি। এ বিষয়ে মেম্বার চেয়ারম্যানরাও নীরব। কারন একাধিকবার তাদের কাছে ধর্ণা ধরেও হতাশা নিয়ে ফিরতে হয় তাদের।
শনিবার সরজমিনে গিয়ে কথা হয়-মনাকষা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে মৃত মুকসেদ আলির ছেলে ইসরাইল হকের সাথে। তিনি জানান, জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ১ জুলাই ১৯১৪ইং হলেও তার প্রকৃত বয়স ১১০ বছর। অনেক জমিজমা ছিল। সব পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।
কান্নাজড়িত কন্ঠে মনাকষা ইউনিয়নের সবচেয়ে বয়স্ক ইসরাইল হক বলেন, ২ ছেলে ও ৬ মেয়ের সবার বিয়ে হয়েছে। ছেলে-মেয়ে, পৌত্র ও পৌত্রি সবাই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। আমার স্ত্রী আয়েশা বেগমের বয়স ৭৯ বছর। আমি কিছুটা চলতে পারলেও সে বর্তমানে একেবারেই অক্ষম। শেষ বয়সেও তার সেবা আমাকেই করতেই হয়। অভাবের সংসারে কোনদিন খেতে পাই, কোন দিন পাই না।

তিন বলেন, ‘একাধিকবার মেম্বার, চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়েও লাভ হয়নি। শেষে আশা করেছিলাম ১০ টাকা কেজি চালের কার্ড দু’জনের মধ্যে একজন পাবো। সেটাও জোটেনি। টাকার অভাবে চিকিৎসা করাইতে না পেরে অসুস্থ অবস্থাকেই পরিণতি হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছি’।

পাশের বাড়ির বিধবা ফুলেরা বেগম। স্বামী মৃত ইদ্রিশ আলি। ২০ বছর আগে তার স্বামী মারা গেছে। জন্ম তারিখ ১ জুলাই ১৯৩৮সাল। বর্তমান বয়স সাড়ে ৭৮ বছর। কথা বলতে পারে না। তার ছেলে জয়নাল জানান, আমরা ৪ ভাই বোন। বোন তিনটা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। আমি সামান্য পুঁজি দিয়ে গ্রামে মাটির হাঁড়ি বিক্রি করে পর্বত সমান পরিবার নিয়ে কোন রকমে দিনাতিপাত করি। মায়ের বয়স্ক, বিধবা বা অন্য কোনভাতার কার্ডের জন মেম্বার চেয়ারম্যানদের অনেক হাতপা ধরেও লাভ হয়নি।
ফুলেরার সামনে বাড়ির হুমায়ন ও তার স্ত্রী হালিমা বেগম জানান, আমাদের জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে। হুমায়নের কথা মতে তার বয়স ৯০ বছর এবং তার স্ত্রীর বয়স ৭৫ বছর। বসতভিটা ছাড়া কোন জমিজমা নেই। ছেলে মেয়ে ৭ জন। মেয়েরা স্বামীর সংসার নিয়ে ব্যস্ত। ছেলেরা সবাই ভিন্ন। আমাদের সম্পদ বলতে একটি গাভী। আমি গাভীর জন্য ঘাস কেটে নিয়ে আসি এবং নিজেই খাওয়ায়। দুধের টাকা দিয়েই কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে দিন কেটে যায়। হুমায়নের স্ত্রী হালিমা বেগম জানান, ভোটের আগে আমার নিজের ভাই খুররমের জন্য ভোট নিয়েছে এবং বলেছিল ১০টাকা কেজির চালের কার্ড করে দিবো। কিন্তু ভোটের পরে আর দেখা করেনি। আর মেম্বার চেয়ারম্যানরা তো কোনদিন আসেই না।
একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তুভুক্ত ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের মৃত শেরমোহাম্মদের ছেলে রাইসুদ্দিন। জন্মতারিখ ১৬ এপ্রিল ১৯৪৯ইং। বর্তমান বয়স সাড়ে ৬৭ বছর। ছেলেমেয়ে ৩ জন। ৫ বছর ধরে অন্ধ অবস্থায় শুধু বাড়িতে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছে। নেই কোন জমিজমা। নেই কোন পোশাক। নেই কোন খাবার। নেই কোন চিকিৎসা।
ক্ষোভের সাথে রাইসুদ্দিন বলেন, আমার মাধ্যমে প্রমান হয়েছে যে মেম্বার চেয়ারম্যানরা শুধু নিজেদের আখের যোগাতে ব্যস্ত। অন্ধ অবস্তায় আমি সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, বর্তমান চেয়ারম্যনা মির্জা শাহাদাত হোসেন,সাবেক , সংশ্লি¬ষ্ট ইউপি মেম্বার সমীর উদ্দিনকে অনেকবার অনুরোধকরেও লাভ হয়নি।
রাইসুদ্দিনের স্ত্রী মোসাঃ শাহাজাদী বেগম জানান, ৫ বছর আগে মাঠে কামলা খাটতে গিয়ে হঠাৎ চোখে ব্যথা শুরু হলে বাড়ি ফিরে আসে। টাকা অভাবে সঠিক চিকিৎসা না করাতে পারায় তখন থেকে অন্ধ হয়ে আছে। ভিক্ষা করে সংসার চলে। তারপর প্রতিদিন ভিক্ষা করতে যেতে না পারায় অনেকদিন না খেয়ে থাকতে হয়।নির্বাচনের সময় সবাই সহযোগিতা করতে চাইলেও নির্বাচনের পরে আর খোঁজ করেনা।
এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম সিল্কসিটি নিউজকে বলেন, মাত্র কয়েকমাসে হলো দায়িত্ব পেয়েছি। তদন্ত করে দেখবো যদি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স হয়ে থাকলে সে অবশ্যই ভাতা পাবে। তিনি বলেন- বিধবার সংখ্যা অনুযায়ী বিধবা ভাতার কার্ড বরাদ্দ না পাওয়ায় সকলকে বিধবা ভাতার কার্ড দেয়া সম্ভব হচ্ছে না।
দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের কয়েস উদ্দিনের মেয়ে ও মৃত আফজাল হোসেনের বিধবা স্ত্রী গোলসান বেগম (৬০) জানান, ১৮ বছর আগে স্বামী মারা গেছে। ৯ জন ছেলে-মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। বর্তমানে ছেলে-মেয়েরা সবাই নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। নিজে ভিক্ষা করে সংসার চালাই। দুর্লভপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবির মুক্তা ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুসহ অনেকের কাছে একটি বিধবা ভাতা ও ভিজিডি কার্ডের জন্য ঘুরাঘুরি করেছি। এমনকি ১০ টাকা কেজি চালের একটি কার্ডের জন্য মেম্বারকে বলেও কার্ড হয়নি।
এ ব্যাপারে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজিব রাজুর সাথে মুঠোফোনে (০১৭**৪১৪৩৯১) একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
স/শ









