সিল্কসিটিনিউজ ডেস্ক:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বন্দরের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
সভায় ব্যবসায়ীরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
তিনি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে সভায় আগত কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।
এ সময় হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীসহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









