রাজশাহী

আগামীকাল রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) এ সফরে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এ ছাড়া রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন তারা। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে প্রস্তুতি ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে গতকাল রোববার মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট, রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।