সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হাসান নাসরাল্লাহর উত্তরসূরির নাম ঘোষণা করল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
হাসান নাসরাল্লাহর উত্তরসূরির নাম ঘোষণা করল হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের শক্তিশালী সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার ঘোষণা করেছে, ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম তাদের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হবেন।

দীর্ঘমেয়াদি নেতা হাসান নাসরাল্লাহ গত মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন নাইম কাসেম। ইসরায়েলের ধারাবাহিক হামলায় হিজবুল্লাহর বেশির ভাগ শীর্ষ নেতা নিহত হওয়ার পর জীবিত কয়েকজন নেতার মধ্যে কাসেম অন্যতম।

লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরো বৃদ্ধি পাওয়ার মধ্যেই এই নিয়োগের ঘোষণা এলো।

নাইম কাসেম প্রায় ৩০ বছর ধরে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোষ্ঠীটির অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত। তাকে দলটির শুরা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।

তবে তার বর্তমান অবস্থান স্পষ্ট নয়। কিছু সূত্রে বলা হয়েছে, তিনি হিজবুল্লাহর প্রধান সমর্থক দেশ ইরানে আশ্রয় নিয়েছেন।
কাসেমের পদোন্নতি ঘোষণা করতে গিয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘তিনি এই যাত্রায় বরকতময় পতাকা বহন করছেন।’ বিবৃতিতে প্রয়াত হাসান নাসরাল্লাহ ও সংঘাতে নিহত অন্যদেরও সম্মান জানানো হয়েছে।

এর আগে নতুন নেতৃত্ব হিসেবে হাশেম সাফিয়েদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। তবে ২২ অক্টোবর জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলায় তিনিও নিহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। তারা হিজবুল্লাহর অপারেটিভ, অবকাঠামো ও অস্ত্র লক্ষ্য করে এসব হামলা চালানোর দাবি করেছে।

গাজায় যুদ্ধের কারণে প্রায় এক বছর ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেয়।

ইসরায়েল সীমান্ত এলাকায় হিজবুল্লাহর রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে চায়। গত এক বছরে লেবাননে দুই হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় সাড়ে ১২ হাজার জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, ফলে উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান উপত্যকায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ