সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ (সাবেক সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামির আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদকে বেকসুর খালাস দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার এই সম্পূর্ণ অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুর্নীতি প্রতিরোধ আইনে ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধমূলক অসদাচরণের দায়ে আসামির ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বিচারক আরো উল্লেখ করেন, আসামির মূল কারাদণ্ড একটির পর একটি কার্যকর হবে। ফলে তাকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। তবে মামলার তদন্ত ও বিচার চলাকালে আসামি ইতিমধ্যে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তার মোট সাজার মেয়াদ থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন।
আরো বলা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে এক হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো। এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও যোগসাজশের অভিযোগ আনা হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে মামলাটিতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।










