সদ্য প্রকাশিত
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা ১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী
জাতীয়

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্য দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

একইসঙ্গে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে কিংবা পুরোপুরি ব্যবহার করতে না পারলে সেই দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন তিনি। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান সৌদি মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দুই দেশের সহযোগিতা আরো সম্প্রসারণের আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।