নিজস্ব প্রতিবেদক :
সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণের আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে শেষ হয়েছে ১০ম বার্ষিক সালাফি সম্মেলন। প্রায় সাড়ে ১১ ঘণ্টার এ সম্মেলনে দেশি-বিদেশি ইসলামী বক্তারা পরিবার, সন্তান প্রতিপালন, দাম্পত্য সম্পর্ক ও আদর্শ ইসলামী বিয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষ অংশ নেন।মানচিত্র দেখুন
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ডাঙ্গীপাড়া এলাকায় আল জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা মাঠে সম্মেলন শুরু হয়। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে এর কার্যক্রম। মাদ্রাসার মহাপরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য দেন আল জামি’আহ আস-সালাফিয়্যাহর মুহাদ্দিস শায়খ আব্দুল হাসিব মাদানী ও শায়খ মাহবুবুর রহমান মাদানী, ঢাকার মিরপুরের মাদরাসা দারুস সুন্নাহর অধ্যক্ষ শায়খ আব্দুন নুর মাদানী, সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও শায়খ ড. মুহাম্মদ মানজুরে ইলাহী।
এ ছাড়া বক্তব্য দেন নারায়ণগঞ্জের আল জামি’আহ আস-সালাফিয়্যাহর অধ্যক্ষ শায়খ আব্দুল আলীম বিন কাওছার মাদানী, মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক আল-আযহারী, বিশিষ্ট দাঈ মুহতারম জামশেদ মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেন এবং নেপালের ইসলামী গবেষক ও বক্তা মানজুর আহমাদ। এ সময় বিভিন্ন জেলা থেকে আগত আরও বক্তা ও শ্রোতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সন্তানের মানসিক, আত্মিক ও নৈতিক বিকাশের প্রথম আশ্রয়স্থল পরিবার। ছোটবেলা থেকেই সন্তানদের কোরআন ও সহিহ সুন্নাহর শিক্ষায় গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে। তাই সন্তানদের সঠিক চরিত্র ও নৈতিকতা গঠনে অভিভাবকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
পারিবারিক শান্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়ে বক্তারা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব, মা-বাবার প্রতি অবহেলা এবং অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতার কারণে অনেক পরিবারে অশান্তি তৈরি হচ্ছে। ইসলামের নির্দেশনা অনুসরণ করলে স্বামী-স্ত্রীর মধ্যে আস্থা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সম্ভব। পরিবার প্রতিটি অভিভাবকের কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত। এ আমানতের বিষয়ে পরকালে জবাবদিহি করতে হবে। ঘরে নিয়মিত দ্বীনি আলোচনা, সালাত ও মাসনুন দোয়ার চর্চা পরিবারকে শয়তানের কুমন্ত্রণা ও বিভিন্ন অকল্যাণ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।
আদর্শ ইসলামী বিয়ে ও সমাজে প্রচলিত অপসংস্কৃতির বিয়ের বিষয়ে বক্তারা বলেন, পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে রূপ, সম্পদ কিংবা বংশমর্যাদার চেয়ে দ্বীনদারি ও চরিত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিয়ের আয়োজন সহজ, স্বল্প ব্যয় ও ঝামেলামুক্ত হওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা অনুযায়ী সহজ বিয়েকে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে কনের সম্মতি ও সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ এবং তা পরিশোধ করতে হবে। মোহরানা স্ত্রীর একান্ত অধিকার।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে তৃতীয় অধিবেশন শেষ হওয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্মেলনের সমাপ্তি ঘটে। এতে প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষের সমাগম হয়।










