সদ্য প্রকাশিত
খেলা

ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের তেলেঙ্গানায় অনূর্ধ্ব-১৯ দলের এক নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদ শহরের মধু কলোনিতে তার পরিবারের বাসভবনে এ ঘটনা ঘটে।

তবে পরিবারের অভিযোগ, স্থানীয় দুই তরুণের ক্রমাগত উত্ত্যক্ত ও হয়রানির কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, নন্দিনী রাঠোর ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের জন্য তিনি ভিকারাবাদের মধু কলোনিতে চলে এসেছিলেন।

এই তরুণী নিয়মিত স্থানীয় স্টেডিয়ামে অনুশীলনে অংশ নিতেন এবং সম্প্রতি বিসিসিআই অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন।

পরিবারের দাবি, অনিল নামে স্থানীয় এক যুবক প্রেমের অজুহাতে তাকে অনুসরণ ও হয়রানি করত এবং কৃষ্ণা তাকে সহায়তা করত। পরিবারের ভাষ্যমতে, প্রায় তিন মাস ধরে এই হয়রানি চলছিল। তারা আগেই ওই দুই যুবককে নন্দিনীর থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছিলেন।

অভিযোগ রয়েছে, পরিবার তাদের মুখোমুখি হয়ে সতর্ক করার পর ওই যুবকরা নন্দিনীকে হুমকিও দিয়েছিল।
পরিবারের ধারণা, এই হয়রানির কারণেই কিশোরীটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়রা ভিকারাবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযুক্ত দুই যুবকের অবিলম্বে গ্রেফতার ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে।

তদন্তের স্বার্থে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

নন্দিনীকে হয়রানি করা হয়েছিল কি না, তা নিশ্চিত হতে তার মোবাইল ফোন পরীক্ষা করছে ভিকারাবাদ পুলিশ। ভিকারাবাদ সার্কেল ইন্সপেক্টর রঘু জানান, পুলিশ নন্দিনীর মরদেহ ময়নাতদন্তের জন্য ভিকারাবাদ এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ তার মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। তিনি অনলাইনে কোনো ধরনের হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ব্যক্তিগত যোগাযোগগুলো পরীক্ষা করছেন। পুলিশ জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ডিজিটাল পরীক্ষার ফলাফল এবং তদন্তের সময় সংগৃহীত অন্যান্য প্রমাণের ওপর। নন্দিনীর মৃত্যুর প্রকৃত পরিস্থিতি এখনো অস্পষ্ট।

 

তবে পরিবারের এই অভিযোগের সঙ্গে নন্দিনীর মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তাও এখনো অস্পষ্ট।