সিল্কসিটিনিউজ ডেস্ক:
বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরিণত চাক কেটে নেওয়ার কারণে মৌমাছির ডিম ও লার্ভা নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের বংশ বিস্তার ব্যাহত করছে। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে পুরো বনের মধ্যকার পারস্পরিক সম্পর্কে।

চুরি করে আগাম মধু সংগ্রহের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একই সঙ্গে বৈধভাবে মধু সংগ্রহকারীরাও ক্ষতির মুখে পড়ছে, কেননা মৌসুমে প্রত্যাশিত পরিমাণ মধু আর পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, দেশব্যাপী সুন্দরবনের খলিশা ফুলের মধুর ব্যাপক চাহিদা। তাই ক্রেতাদের কাছ থেকে বেশি দাম পাওয়ার লোভে অসাধু মৌয়ালরা মাছ ধরার অনুমতি নিয়ে অপরিপক্ব চাক থেকে মধু কাটছে।
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের মৌয়াল আব্দুর রহিম ও জামাল হোসেন বলেন, অপরিপক্ব চাক থেকে মধু সংগ্রহ করলে মৌচাকের সংখ্যা কমে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৌয়াল বলেন, এখন মধু কাটতে বন বিভাগের অনুমতি নেওয়া লাগছে না। মাছের পাশ নিয়ে সুন্দরবনের প্রবেশ করে মধু কেটে আনছি। বিনিময়ে বন কর্মকর্তাদের কিছু মধু দিতে হচ্ছে।
পেশাদার মৌয়ালরা এই অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, টেকসই মধু আহরণ নিশ্চিত করতে হলে নিয়ম মেনে মৌসুম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং মৌচাক সংরক্ষণ করা জরুরি।
বনবিভাগ সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে সুন্দরবন থেকে মধু সংগ্রহ হয়েছিল চার হাজার ৪৬৩ কুইন্টাল। ২০২১-২২ অর্থবছরে তা কমে দাঁড়ায় তিন হাজার আট কুইন্টালে। ২০২২-২৩ অর্থবছরে আরো কমে দাঁড়ায় দুই হাজার ৮২৫ কুইন্টালে। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা বাড়ে। এ সময় মধু সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ১৮৩ কুইন্টাল। তবে চুরি করে সংগ্রহ করা মধু বনবিভাগের হিসাবের বাইরে থাকে। অন্যদিকে আগাম চাক কাটার কারণে মৌসুম শুরু হলে মধু কম পাওয়া যায়। ফলে বনবিভাগের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দেয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান বলেন, ১ এপ্রিল থেকে মধু সংগ্রহের পাশ দেওয়া হবে। আমরা কঠোর নজরদারি রাখছি, যাতে সুন্দরবন থেকে কেউ মধু চুরি করতে না পারে। যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।










