সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সিরিয়ার আল বাবের আইএস ঘাঁটির দখল ‘সময়ের ব্যাপার’ মাত্র: এরদোয়ান

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সিরিয়ার আল বাবের আইএস ঘাঁটির দখল ‘সময়ের ব্যাপার’ মাত্র: এরদোয়ান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুর্কি সেনাবাহিনী আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত সিরীয় অঞ্চল আল বাবের অভ্যন্তরে প্রবেশ করেছে, জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান। তার দাবি, আল বাবের দখল নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

‘চারদিক থেকে আল বাবকে ঘিরে ফেলা হয়েছে, ‘তুর্কি বাহিনীর সর্মথন নিয়ে তারা  একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে ওই অঞ্চলের।’

এরদোয়ান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র। ‘দায়েশ ফোর্স পরিপূর্ণভাবে আল বাব ছেড়ে যেতে শুরু করেছে।’ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে এই নামে ডাকা হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যটি ঠিক সেই সময়ের যখন তুর্কি বাহিনী আল বাবে প্রবেশ করেছে।

আল বাব শহরকে আইএস জঙ্গিদের হাত থেকে মুক্ত করা নয় কেবল, সিরিয়ায় তুর্কি সেনা হস্তক্ষেপের প্রকৃত উদ্দেশ্য রাকার সামগ্রিক সীমান্ত অঞ্চল থেকে জিহাদিদের দমন করা। বাহরাইন, সৌদি আরব এবং কাতার সফরের জন্য দেশ ত্যাগের সময় এসব মন্তব্য করেন এরদোয়ান।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ৫০০০ কিলোমিটারের ওই অঞ্চলকে জঙ্গিমুক্ত করা। দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিকদের জন্য একটি মুক্তাঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িব এরদোয়ানের মধ্যে এক ফোনালাপে আইএসবিরোধী যৌথ লড়াইয়ের অঙ্গীকার করেন। সিরিয়ার আল-বাব ও রাকা শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের ব্যাপারে সম্মত হন তারা।

সূত্র: বাংলা ট্রিবিউন