জাতীয়

সারা দিন থেমে থেমে বৃষ্টি, কবে থেকে কমবে জানাল অধিদপ্তর

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা। থেমে থেমে চলছে বৃষ্টি।

দেশের বিভিন্ন স্থানেও দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আবহাওয়ার উন্নতি হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। ভোলায় ২৮, মাদারীপুরে ২৪, ফরিদপুরে ২২, বরিশালে ১৯, রাজশাহীতে ১৫, চুয়াডাঙ্গায় ১৪ এবং তারাশে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল গভীর নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

গত দুই দিন ধরে এ নিম্নচাপ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হলেও এ নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আজও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর ও মাদারীপুরের নদী অববাহিকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারি বৃষ্টি হিসেবে ধরা হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। স্থল গভীর নিম্নচাপের কারণে ভেসে আসা মেঘ থেকেই মূলত এই বৃষ্টি হচ্ছে। আজ প্রায় সারা দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান, আগামী মাসের শুরুর দিকে আরেক দফা বৃষ্টির পর মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে।