সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকা ও দুধকুমার নদের জেগে ওঠা চরে এখন চোখ জুড়ানো দৃশ্য। মাঠের পর মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। দূর থেকে তাকালে মনে হয়, দিগন্তজুড়ে যেন হলুদ গালিচা পাতা। সরিষা ফুলের মিষ্টি গন্ধ আর মৌমাছির গুঞ্জনে মুখর পুরো এলাকা।
বাতাসের দোলায় দুলছে ফুলের সঙ্গে সঙ্গে কৃষকদের রঙিন স্বপ্নও।
গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে এ মৌসুমে বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষি বিভাগ বলছে, সরিষা চাষের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি দেশের ভোজ্য তেলের ঘাটতি মেটাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুষ্টিগুণের দিক থেকেও সরিষার তেল সয়াবিন তেলের চেয়ে এগিয়ে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকরা বারী-১৪, ১৭, ১৮ এবং বীনা-৮, ৯ ও ১১ জাতের সরিষা আবাদ করেছেন।
গত মৌসুমে এই উপজেলায় সরিষা চাষ হয়েছিল ৪ হাজার হেক্টর জমিতে। তার আগের বছরগুলোতে চাষের পরিমাণ ছিল আরো কম। পরিসংখ্যান বলছে, প্রতি বছরই সরিষা চাষের পরিধি ক্রমেই বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা এবং দুধকুমার ও কালজানী নদের চরাঞ্চল যেন গায়ে হলুদের সাজে সেজেছে। এই দৃশ্য কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
কৃষকদের মতে, সরিষা চাষে সময় লাগে কম, খরচও তুলনামূলকভাবে কম, অথচ লাভ বেশি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা চাষ সম্ভব হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় প্রতিবছরই কৃষকদের উন্নত জাতের সরিষার বীজ ও সার সরবরাহ করা হয়। ২০২৫-২৬ মৌসুমেও উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের পলি মিশ্রিত জমি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। সেচ ও অন্যান্য খরচ কম হওয়ায় এই ফসলে লাভ বেশি। কৃষি বিভাগ আরো জানায়, যেখানে সাধারণত দুই ফসল চাষ হয়, সেখানে সরিষা চাষ করলে একই জমিতে তিনটি ফসল উৎপাদন সম্ভব। এতে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হন, তেমনি পুষ্টিকর ভোজ্য তেলের জোগানও বাড়ে।
কৃষকরা জানান, আমন ধান কাটার পর জমি সাধারণত ৩-৪ মাস পতিত থাকে। এই সময়ে সরিষা চাষ করে তারা বাড়তি লাভ করেন। সরিষা কাটার পর ওই জমিতেই আবার বোরো ধান আবাদ করা যায়। দেড় থেকে দুই মাসেই সরিষা পরিপক্ব হয়। প্রতি বিঘা জমিতে খরচ হয় প্রায় দেড় থেকে দুই হাজার টাকা, আর উৎপাদন হয় ৫-৬ মণ। বাজারে সরিষার দামও ভালো পাওয়া যায়।
চরভূরঙ্গামারী ইউনিয়নের কৃষক ইউসুফ ও শফিয়ার জানান, তারা দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকা। অন্যদিকে পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মোস্তাফিজুর ও দুলাল বলেন, তারা আড়াই বিঘা করে জমিতে সরিষা চাষ করেছেন এবং ভালো ফলনের আশা করছেন। সরিষা বিক্রির টাকা দিয়েই তারা বোরো চাষের তেল ও সারের খরচ জোগাড় করতে পারবেন। পাশাপাশি সয়াবিন তেলের দামের চাপ কমাতে নিজেরাই সরিষার তেল ব্যবহার করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, ভোজ্য তেল উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। দেশের চাহিদা অনুযায়ী তেল উৎপাদন কম হওয়ায় আগামী কয়েক বছরের মধ্যে মোট চাহিদার অন্তত ৫০ শতাংশ দেশীয় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।










