ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ডিগ্রি কলেজ জাতীয়করণ করা হয়েছে। নাচোল কলেজ এখন থেকে ‘নাচোল সরকারি কলেজ”।
গত ১৪ নভেম্বর ২০১৬ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন নাচোল ডিগ্রি কলেজ ৬ নভেম্বর ২০১৬ তারিখ হতে জাতীয়করণ করা হলো। শর্ত থাকে যে, উক্ত কলেজে আত্তীকৃত কোন শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
সূত্রমতে, নাচোল ডিগ্রি কলেজকে জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ মার্চ ২০১৫ খ্রি. তারিখের পত্রের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত একটি টিম সরজমিনে কলেজটি পরিদর্শন করেন। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়া শেষে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনাপত্র মোতাবেক ২৩ মার্চ ২০১৬খ্রি. তারিখ নাচোল কলেজ কর্তৃপক্ষ সচিব, শিক্ষামন্ত্রণালয় বারাবর প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল হস্তান্তর করেন।
এদিকে বিভিন্ন প্রক্রিয়া শেষে জাতীয়করণ সংক্রান্ত সরকারি আদেশের জন্য অপেক্ষমান থাকার পর গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে ১৪ নভেম্বর শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে নাচোল কলেজে ৭২জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছে। যার মধ্যে ৪৬জন শিক্ষক ও কর্মচারী এমপিও ভুক্ত এবং ২৬জন এমপিও ভুক্ত নন।
এদিকে নাচোল ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে কলেজের শিক্ষক-কর্মচারী ও নাচোলবাসী।
স/শ









