
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেক সুবিধাভোগী সরকারি ভাতার টাকা খোয়াচ্ছেন । প্রতারক চক্র নানা কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে গত এক সপ্তাহে থানায় অন্তত ৪টি জিডি হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া প্রতিদিন সমাজসেবা কার্যালয়ে মৌখিক অভিযোগ করেছেন অনেকে।

নিয়ামতপুর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৮৪৬ জন বয়স্ক, ৬ হাজার ৩৯৪ জন বিধবা ও ৩ হাজার ৬৮৩ জনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে। কার্ডধারী প্রত্যেক বিধবার নামে প্রতি তিন মাসে বরাদ্দ ১৬৫০ টাকা, বয়স্কদের ১৮০০ টাকা ও প্রতিবন্ধীদের ২৫৫০ টাকা। সেই হিসেবে ৩ মাস পরপর এক বছরে চার কিস্তিতে তাদের টাকা দেওয়া হয়। গত বছর থেকে ভাতার টাকা পাঠানো জন্য কার্ডধারীদের মুঠোফোনে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খুলতে বলা হয়।
ভাতাভোগীদের অভিযোগ , অধিকাংশ কার্ডধারীরা টাকা তোলার সময় তাদের মুঠোফোন হিসাব নম্বরের গোপন পিনকোড এজেন্টদের কাছে বলে দেন। এজেন্টরা গোপন পিনকোড প্রতারক চক্রকে জানিয়ে দেয়। এভাবে প্রতারক চক্র মোবাইলে থাকা টাকা হাতিয়ে নিচ্ছে বলে তাদের ধারণা।
উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা (জাবড়ীপাড়া) গ্রামের মুন্সি হাঁসদা প্রতিবন্ধী ভাতা পান। তার ভাই কর্ণে হাঁসদা জানান, প্রতারক চক্র তার ভাইকে ফোন দিয়ে বিভিন্ন তথ্য নেন। পরে ভাতার টাকা তুলতে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের কাছে গেলে তাকে জানানো হয়, টাকা তুলে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টে কোনো টাকা নেই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, অল্পদিন হলো আমি এখানে যোগদান করেছি। এ ধরনের অভিযোগ শুধু নিয়ামতপুরেই নয়, সারা দেশে একই অবস্থা হয়েছে। ভাতাভোগীদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য বলা হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের পিন কারো কাছে না বলার জন্য অনুরোধ করা হচ্ছে।









