সদ্য প্রকাশিত
মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
রাজনীতি

সরকার সঙ্ঘাত উসকে দিতে চায় : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৮৫ মিনিট পড়া
সরকার সঙ্ঘাত উসকে দিতে চায় : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ডাকা আগামী শনিবারের সমাবেশকে ঘিরে সরকার সঙ্ঘাত উসকে দিতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বুধবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপি প্রথমে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল। পরে তা পরিবর্তন করে শনিবার করার সিদ্ধান্ত নেয়। বন্ধের দিনে সমাবেশ হলে সুবিধা হয়- এ কথা বলে সমাবেশের দিন পরিবর্তনের জন্য বলেছিল পুলিশ। তারাই বলল, নয়াপল্টনে সমাবেশ না করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে।

এখন পুলিশ বলছে- ওইদিন আরেকটি কর্মসূচি আছে। পুলিশ বিরোধের আশঙ্কার কথা বলছে। আমি বুঝতে পারছি না, ওই প্রোগ্রামের সঙ্গে আমাদের জনসভার কী সম্পর্ক? কোথায় কোথায় বিরোধ, বুঝতে পারছি না। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘প্রতারণামূলক’ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা নাসিম সাহেব বলেছেন অলিগলিতে বিএনপির নেতাকর্মীদের আটকে দিতে। আর নানক সাহেব বলেছেন, হাত-পা ভেঙে দিতে। এই হচ্ছে তাদের গণতন্ত্রের ভাষা। এর মাধ্যমে বোঝা যায়, কারা শুরুতে সংঘাত সৃষ্টি করে।

সংঘাতকে উসকে দিতে চায়। বিএনপির জনসভাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতারা উসকানিমূলক কথা বলছেন এমনটা দাবি করে তিনি আরও বলেন, কারা সন্ত্রাস করে? আওয়ামী লীগ নেতাদের বক্তব্য শুনে সেটা বোঝা যায়। বিএনপির সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের মন্ত্রী, নেতাদের বক্তব্যই সেটা পরিষ্কার করেছে। ২০০৮ সালের ২৮ অক্টোবর কারা লগি-বইঠা দিয়ে ২৭ তরুণকে হত্যা করেছিল? দেশে এখন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে আওয়ামী লীগ।

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে ‘ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মসূচি’ ঘোষণা করা হবে এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই জনসভায় আমরা আমাদের নীতিনির্ধারণী বক্তব্য দেব। আমাদের ভবিষ্যতের কর্মপন্থা ও কর্মসূচি আসবে।

সংবাদ সম্মেলনের আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে দলের নয়াপল্টন কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। শনিবারের জনসভার অনুমতির জন্য আবেদন করবেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ভাই অনুমতির আবেদন-টাবেদন না। ইট ইজ দেয়ার রেসপনসিবিলিটি।

এটা তারা ঠিক করবেন, কী করবেন।’ জনসভা কি ২৯ সেপ্টেম্বর (শনিবার) হবে? এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, আমরা যৌথ সভা করেছি ২৯ তারিখের জনসভার জন্যই। দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরে এ ব্যাপারে জানানো হবে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, অঙ্গসংগঠনের এজিএম শামসুল হক, আনোয়ার হোসেইন, নুরুল ইসলাম খান নাসিম, হেলাল খান, সুলতানা আহমেদ, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, আবুল কালাম আজাদ, সাদেক আহমেদ খান, রফিকুল ইসলাম মাহতাব, মিলন মেহেদি, আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, টাঙ্গাইলের শামসুল আলম তোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘প্রতারণামূলক’ হিসেবে দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা স্পষ্ট- বর্তমান সরকার আসন্ন নির্বাচন সম্পর্কে যেসব কথা মুখে বলছে সেগুলো সবই জনগণের সঙ্গে তাদের প্রতারণা। এমনকি বিদেশে গিয়েও প্রধানমন্ত্রী বলছেন, তারা একটি ইনক্লুসিভ ইলেকশন দেখতে চায়, সব দল আসুক সেটা তারা দেখতে চান।

তার নমুনা হচ্ছে, তিন লাখ লোকের বিরুদ্ধে মামলা, তার নমুনা হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তাকে কারাগারে আবদ্ধ করে রাখা। তার নমুনা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আবার একটা মামলায় সাজা দেয়ার চেষ্টা করা। আমাদের সিনিয়র নেতাদের মিথ্যা মামলাগুলোকে আবার ত্বরান্বিত করা হচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ‘গায়েবি’ মামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সারা দেশে গায়েবি মামলার উৎসব চলছে। কে কতগুলো দিতে পারে, কিভাবে দিতে পারে সেই উৎসব চালাচ্ছে এখন সরকার। এমন একটা ইউনিট নেই বাংলাদেশে বিএনপির একেবারে সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত মামলা দেয়া হয়নি। আমাদের হিসেবে এখন পর্যন্ত ৪ হাজারের ওপর মামলা হয়েছে।

নাম দিয়ে আসামি করা হয়েছে সোয়া তিন লাখের ওপরের মানুষের বিরুদ্ধে। আমরা এ কথা বিশ্বাস করি যে, গুম-খুন, নিপীড়ন-নির্যাতন, হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণই এর জবাব দেবেন। এবারও জনগণ তার জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, উনি (ওবায়দুল কাদের) বলেছেন, বিএনপি নাকি এখন দেশনেত্রী খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে এবং আন্দোলন নাকি কারাগারে।

আন্দোলন তো কারাগারেই হবে। গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। সেই কারাগারকে ভেঙে ফেলার জন্য দেশে আন্দোলন হবে। অবশ্যই এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ এ দেশকে মুক্ত করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন।

২১ আগস্ট হামলা মামলার রায় আগামী ১০ অক্টোবর দেয়া হবে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই রায়কে কেন্দ্র করে পত্রপত্রিকায় বিভিন্ন রকম কথাবার্তা আসছে। এ মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

রাজনৈতিক কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সিনিয়র কয়েকজন নেতাকে এখানে জড়িত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ এনে সাজা দেয়ার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এ ধরনের চক্রান্ত দেশের মানুষ কখনও মেনে নেয়নি, নেবেও না।

একটি ভিডিওচিত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে থাকা এক নারী রাস্তায় পুলিশের সঙ্গে হুমকি দিয়ে কথা বলছেন। সরকারি দলের এমপির মেয়ে হিসেবে পুলিশকে ধমকাচ্ছেন। এটাই তো দেশের বর্তমান চিত্র। সরকারপ্রধানও দেশের বাইরে ভালো ভালো কথা বলেন। কিন্তু দেশে এসে হুমকি-ধমকি শুরু করেন।

সমাবেশে জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্টসহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় হলেই জানতে পারবেন।