সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
জাতীয়

চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপাদান-তালিকায় চিনির নাম থাকলেও উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল কৃত্রিম মিষ্টিকারক অ্যাসপারটেম। বিটা-ক্যারোটিনের বদলে দেওয়া হচ্ছিল কাপড় রং করার রাসায়নিক। এভাবে শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছিল কেরানীগঞ্জের একটি প্রতিষ্ঠান। এমন অনিয়মের প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় অবস্থিত ‘কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমে একাধিক গুরুতর অনিয়মের চিত্র উঠে আসে।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের শিশুখাদ্যের উপাদান-তালিকায় চিনির উল্লেখ করলেও উৎপাদনের সময় ব্যবহার করছিল অ্যাসপারটেম নামের কৃত্রিম মিষ্টিকারক। তবে কারখানা পরিদর্শন করে চিনির কোনো মজুত কিংবা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।

 

শুধু চিনির ক্ষেত্রেই নয়, পণ্যের উপাদান-তালিকায় বিটা-ক্যারোটিনের কথা উল্লেখ থাকলেও বাস্তবে ব্যবহার করা হচ্ছিল টেক্সটাইল ডাই বা কাপড় রং করার রাসায়নিক।

এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও যথাযথভাবে উল্লেখ করা হয়নি।

অভিযানকালে প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, কাঁচামালের উৎস শনাক্তের নথি এবং ব্যবহৃত উপকরণের নিরাপত্তা-সংক্রান্ত তথ্যপত্র (এমএসডিএস ও সিওএ) দেখাতে পারেনি। পাশাপাশি পণ্যের বিশ্লেষণ সনদও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয় তারা।

 

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

একই সঙ্গে কারখানায় পাওয়া অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানের সার্বিক সমন্বয় করেন ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।