সিল্কসিটিনিউজ ডেস্ক:
সততা মানুষকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে, আর স্বচ্ছতা তার চরিত্রকে করে নির্মল ও নির্ভরযোগ্য। পক্ষান্তরে মিথ্যা, প্রতারণা, তথ্য গোপন ও আমানতের খেয়ানত ধীরে ধীরে মানুষের ব্যক্তিত্ব, সম্পর্ক ও সামাজিক মর্যাদা নষ্ট করে দেয়।
ইসলাম তাই শুধু নামাজ-রোজার শিক্ষা দেয়নি; বরং একজন মুমিনের কথায়, কাজে, লেনদেনে ও আচরণে সত্যনিষ্ঠ ও স্বচ্ছ হওয়ার শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
এ আয়াতে আল্লাহ শুধু সত্য কথা বলার নির্দেশ দেননি; বরং সত্যবাদী মানুষের সঙ্গ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন। কারণ মানুষের চরিত্রে তার সঙ্গীদের প্রভাব পড়ে।

সত্যবাদীদের সাহচর্য মানুষকে সত্যনিষ্ঠ হতে সাহায্য করে, আর মিথ্যাবাদীদের সাহচর্য মিথ্যাকে স্বাভাবিক করে তুলতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়।’ এরপর তিনি বলেন, মানুষ যখন নিয়মিত সত্য বলতে থাকে, একসময় আল্লাহর কাছে তাকে সত্যবাদী হিসেবে লিখে দেওয়া হয়। আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে এবং পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়।
(সহিহ বুখারি, হাদিস : ৬০৯৪)
স্বচ্ছতা মানে হলো সত্যকে গোপন না করা। স্বচ্ছতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—যেখানে কোনো বিষয় প্রকাশ করা প্রয়োজন, সেখানে সত্য তথ্য গোপন না করা এবং মানুষকে ভুল ধারণার মধ্যে না রাখা। বিশেষত ব্যবসা-বাণিজ্যে এ গুণের গুরুত্ব অত্যন্ত বেশি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি ক্রেতা ও বিক্রেতা সত্য বলে এবং (পণ্যের বিষয়গুলো) স্পষ্টভাবে বর্ণনা করে, তবে তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি তারা গোপন করে ও মিথ্যা বলে, তাদের লেনদেনের বরকত মুছে দেওয়া হয়।
’ (সহিহ বুখারি, হাদিস : ২০৮২)
একজন মুমিনের কথা হবে বিশ্বাসযোগ্য, প্রতিশ্রুতি হবে মূল্যবান এবং তার কাছে রাখা আমানত হবে নিরাপদ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকের তিনটি নিদর্শন—যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয়, তখন খেয়ানত করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩)
মিথ্যা বললে মানুষকে অনেক সময় একটি মিথ্যা ঢাকার জন্য আরো অনেক মিথ্যা বলতে হয়। ফলে অন্তরে ভয় ও অস্থিরতা তৈরি হয়। কিন্তু সত্যবাদী মানুষের সাধারণত কিছু লুকানোর প্রয়োজন হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও এবং যা তোমাকে সন্দেহে ফেলে না তা গ্রহণ করো। নিশ্চয়ই সত্য প্রশান্তি দেয় এবং মিথ্যা সন্দেহ ও অস্বস্তি সৃষ্টি করে।’ (তিরমিজি, হাদিস : ২৫১৮)
সততা ও স্বচ্ছতা এমন দুটি গুণ, যা একজন মুমিনের চরিত্রকে ভেতর থেকে সুন্দর করে তোলে। সততা মানুষকে সত্যের পথে রাখে, আর স্বচ্ছতা তার আচরণকে করে বিশ্বাসযোগ্য। এই দুই গুণ থাকলে মানুষ শুধু সমাজের কাছে নয়, আল্লাহর কাছেও মর্যাদাবান হয়ে উঠে।









