সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতায় থাকতে বারবার বলেছে শেখ হাসিনা পালায় না। কিন্তু ২০২৪ এর গণ-অভ্যুত্থানে ঠিকই পালিয়ে গেছে।
এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী এবং সভানেত্রী বাংলাদেশের মানুষ আর দেখেনি। ইদানিং তিনি দেশে ফিরে আসার কথা বলছে। এ কথা কেউ আর বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল আয়োজিত ‘গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু, গণতন্ত্র নিহত হয়েছে শেখ মুজিবের হাতে। শেখ হাসিনা আসার পর আবারও গণতন্ত্র ধ্বংস করেছে। তবে বেগম জিয়ার হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী বাকশালিদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পাশে থাকতে হবে। পাশ্ববর্তী একটা দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চাচ্ছে। তাদের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।










