সিল্কসিটিনিউজ ডেস্ক:
চার হাজার ফুলকপি কুমিল্লার নিমসার বাজারে এনেছেন পাইকারি বিক্রেতা শাহ জালাল। চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে আনা এসব ফুলকপি তিনি ক্ষেত থেকে আকারভেদে কিনেছেন প্রতি পিস ১০ থেকে ১২ টাকা দরে।
চার হাজার ফুলকপি কিনতে শাহ জালালের খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ক্ষেত থেকে ট্রাকে তুলতে শ্রমিকের মজুরি দিতে হয়েছে ১৬ হাজার টাকা। আর ট্রাকভাড়া ও পথখরচ বাবদ ব্যয় হয়েছে আরো ২৬ হাজার টাকা। সব মিলিয়ে চার হাজার ফুলকপি নিমসার বাজারে আনতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।

শাহ জালালের ভাষ্য, প্রতি পিস ফুলকপি বাজারে আনতে তার খরচ পড়েছে ২০ থেকে ২৫ টাকা। এরপর চার থেকে পাঁচ টাকা লাভ রেখে সেই ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন তারা, কিন্তু একই ফুলকপি খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা; আকার বড় হলে কোথাও তা প্রতি পিস ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষেত থেকে ভোক্তার হাতে পৌঁছাতে কয়েক দফা হাতবদলে ফুলকপির দাম বেড়ে যাচ্ছে প্রায় তিন গুণ। এতে একদিকে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, অন্যদিকে বাড়তি দামের চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা।
মাঝখানে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
সম্প্রতি নিমসার ঘুরে দেখা যায় পাইকারি ব্যবসায়ীদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় সরগরম হয়ে উঠছে পুরো বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে বাজারে আসছে ফুলকপি, বাঁধাকপিসহ শীতকালীন নানা সবজি। চুয়াডাঙ্গা, বগুড়া ও অন্যান্য জেলা থেকে আসা এসব সবজি ভোর থেকেই কেনাবেচা হচ্ছে এ বাজারে।
নিমসার বাজারে অবস্থিত নোয়াখালী বাণিজ্যালয়ের আড়তদার মো. শফিকুল ইসলাম বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না।
ক্ষেত থেকে বাজার পর্যন্ত সবজি নিয়ে আসতে পরিবহন, শ্রমিকের মজুরিসহ নানা ধরনের খরচ রয়েছে। এর বাইরে পথে যানজটে পড়ে অনেক সবজি নষ্ট হয়ে যায়। পচা সবজি খুচরা বিক্রেতারা কিনতে চান না। ফলে সেই ক্ষতির দায়ও বহন করতে হয় পাইকারদের। এসব খরচ বাদ দিয়ে তারা সামান্য লাভে পণ্য বিক্রি করেন।
শফিকুলের ভাষ্যমতে, কয়েক দফা হাতবদলের কারণে খুচরা বাজারে সবজির দাম বেড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন একদিকে কৃষক, অন্যদিকে সাধারণ ক্রেতা। মাঝখানে একশ্রেণির ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী বেশি লাভবান হন। তবে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে সবজি কিনে পরিবহন, শ্রমিকের মজুরি, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয় তাদের।
কুমিল্লার দাউদকান্দি বাজারের খুচরা বিক্রেতা আব্দুস সাত্তার বলেন, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর খুচরা বাজারে আনতে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। এর সঙ্গে দোকান ভাড়াও দিতে হয়। আড়তে একটি ফুলকপি ৩০ টাকা দিয়ে কিনলে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে হয়। তা না হলে ব্যবসা করে পোষায় না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লার রাজগঞ্জ খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ও খুচরা দামের ব্যবধান অনেক ক্ষেত্রে অস্বাভাবিক। নিমসার পাইকারি বাজারে ৩০ টাকা দরে কেনা একটি ফুলকপি খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
কুমিল্লার অন্যান্য বাজারে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে বাজারে সবজির সংকটের কথা উল্লেখ করেন তারা। আর এই অজুহাতে কয়েক ধরনের সবজি বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।
রাজগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী তানভীর হোসেন ও জামাল উদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে সবজি এনে বিক্রি করতে পরিবহন খরচ ও দোকানভাড়া দিতে হয়। এসব খরচ হিসাব করে দাম নির্ধারণ করতে হয়। বেশি দামে বিক্রি না করলে তাঁদের ব্যবসায় টিকে থাকা কঠিন।
নিমসার বাজারে অন্যান্য সবজির দাম
প্রতিকেজি শিম ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ২৫ থেকে ৩০ টাকা, টমেটো প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা এবং প্রতিকেজি ধনেপাতা ২০০ থেকে ২২০ টাকা।
আকারভেদে প্রতিপিস লাউয়ের দাম ৩০ থেকে ৪০ টাকা; এক হালি মূলা ১৫ থেকে ২০ টাকা; সাদা আলু প্রতিকেজি ২০ টাকা; খিরাই ২০ কেজি ৫০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, একই সবজি মঙ্গলবার কুমিল্লা নগরীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি শিম কেজি ৮০ টাকা; কাঁচা মরিচ প্রতিকেজি ১৫০ থেকে ২০০ টাকা, টমেটো প্রতিকেজি ১৭০ টাকা, ধনেপাতা প্রতিকেজি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিলাউ ৭০ টাকা ৮০ টাকা, মূলা প্রতিহালি ৩৫ থেকে ৪০ টাকা, সাদা আলু ৩০ টাকা ৩৫ টাকা, খিরাই প্রতিকেজি ৫০ টাকায়।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া কালের কণ্ঠকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা ভাউচার সংরক্ষণ করেন না। তিনি বলেন, আমরা অভিযানে গেলে পাইকারি বিক্রেতারা বলেন তারা ভাউচার দিতে চান কিন্তু খুচরা বিক্রেতারা সবজি কেনার পর বাজারে এসে কে আগে দোকান খুলবেন- এই প্রতিযোগিতার কারণে অনেক সময় ভাউচার নেন না।
সহকারী পরিচালক আরো বলেন, আমরা বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রেখেছি। কোথাও অনিয়মের খবর পেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি










