সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের ইউপি চেয়ারম্যান অপহরণের ঘটনায় মামলা দায়ের

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জের ইউপি চেয়ারম্যান অপহরণের ঘটনায় মামলা দায়ের

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল হককে অপহরণের ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতেই শামশুল হক বাদী হয়ে জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি সদস্য প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

 

এ সংবাদ লেখা পর্যন্ত তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, রোববার দুপুর পৌণে ১টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মিটিং চলাকালিন সময় দূর্বৃত্তরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে রোববার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুরের বাজারের কাছে সড়ক অবরোধ করে তাঁর সহস্রাধিক সমর্থক ও এলাকাবাসী। এ সময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

এদিকে পুলিশ খবর পেয়ে অপহৃত চেয়ারম্যানকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে নয়ালাভাঙ্গা ইউনিয়ন সুন্দরপুরের ঢুলঢুলিপাড়া এলাকা থেকে ঘটনার চার ঘন্টা পর অপহৃত চেয়ারম্যান শামশুল হককে উদ্ধার করে পুলিশ।

 

অপরদিকে শামশুল হকের ছেলে সোহেল রানা বাবু অভিযোগ করে বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাকে চাপ দিতে থাকে। এরই জের ধরে রোববার দুপুরে তার পিতা ইউপি চেয়ারম্যান শামশুল হককে ইউনিয়ন পরিষদ থেকে মিটিং চলা অবস্থায় মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোস্তাকুল ইসলাম পিন্টুর লোকজন।

অন্যদিকে মামলা দায়েরের প্রতিবাদে রোববার রাতেই মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে পিন্টুর সমর্থকরা। এতে রাস্তার দু’পাড়ে পণ্যভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এসময় রাস্তায় আগুন জালিয়ে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।

 
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বেরিকেড সরিয়ে ফেলে যানবাহান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পর থেকেই রাণীহাটি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
স/শ